এফএনএস (এমএ আজিম; খুলনা) :

খুলনায় সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেফতার পিস্তল, গুলি উদ্ধার

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম
খুলনায় সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেফতার পিস্তল, গুলি উদ্ধার
ছবি: FNS

খুলনায় অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ জন সক্রিয় সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুলনা সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। কেএমপি খুলনা সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শফিকুল ইসলামের নেতৃত্বে এবং খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেনসহ থানার একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হচ্ছে, মোঃ মকবুল শেখের পুত্র সবুজ শেখ (২৮), ঝন্টু হাওলাদারের পুত্র বিশ্বজিৎ হাওলদার (২৭), মোঃ জাহাঙ্গীর হাওলাদারের পুত্র তাসিন ওরফে কাজল (২০), মোঃ হায়দার আলী সরদারের পুত্র রব্বানী সরদার (২৮), হাবিবুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (২০) ও মৃত শেখ নুর ইসলামের পুত্র রাসেল শেখ (২৫)।গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে নগরীর টুটপাড়া ও সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, মাদক বিক্রি ও অন্যান্য নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর সক্রিয় উক্ত ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে চক্রের মূলহোতা নূর আজিমের প্রত্যক্ষ নির্দেশে নগরীর বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, বেসরকারি সংস্থা এবং কোচিং সেন্টারে গিয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। গ্রেফতার সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযানের বিষয়ে খুলনা সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা সন্ত্রাসী নুর আজিম বাহিনীর সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। সন্ত্রাসীদের নির্মূল করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

আপনার জেলার সংবাদ পড়তে