পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেপ্তারকৃত এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর একটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায়।
ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানা পুলিশ দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করেন। এ খবর ছড়িয়ে পড়লে সিরাজের তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সিরাজ মোল্লাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে জানতে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।