অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রানহানি হয়েছে। অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।এরমধ্যে ৯ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। বুধবার (৪ নভেম্বর) নিরাপদ সড়ক চাঁই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে অক্টোবর মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারণ হিসাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং,মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাঁখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন চালক ও ৪টি সড়ক দূর্ঘটনায় ৪ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১০ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া অক্টোবর মাসে নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন।