শরৎ পেরিয়ে হেমন্তের আগমনি বার্তা। ঋতুবদলের এই সময়ে নীলফামারীর বিভিন্ন জলাশয়, বিল ও নিচু জমি ছেয়ে গেছে কচুরিপানার বেগুনি ও সাদা ফুলে। সবুজ পাতার বুকে ফুটে থাকা অসংখ্য ফুaলে সৃষ্টি হয়েছে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। অবহেলিত এই জলজ উদ্ভিদই যেন তার ফুলের সৌন্দর্যে নতুন করে রাঙিয়ে তুলেছে গ্রামবাংলার প্রকৃতি। এমন মনোমুগ্ধকর দৃশ্য মুগ্ধ করছে পথচারী, শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমীদের। নীলফামারী সদর উপজেলার বিভিন্ন জলাশয় ঘুরে দেখা যায়, পানির ওপর বিস্তৃত কচুরিপানার সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে থোকায় থোকায় বেগুনি ও সাদা ফুল। কোথাও কোথাও দূর থেকে জলাশয়গুলোকে মনে হচ্ছে ফুলে সাজানো প্রাকৃতিক গালিচা। প্রকৃতির এমন নীরব সৌন্দর্য দেখতে চলার পথে থমকে দাঁড়াচ্ছেন অনেকেই। কেউ মুগ্ধ চোখে উপভোগ করছেন, আবার কেউ মুঠোফোনে ছবি তুলে ধরে রাখছেন স্মরণীয় মুহূর্ত।কচুরিপানার ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা স্থানীয় শিক্ষার্থী হালিমা তুষ সাদিয়া বলেন, প্রতিদিনের পড়ালেখার ক্লান্তি কাটাতে প্রকৃতির এমন রূপ সত্যিই মনকে প্রফুল্ল করে তোলে। চারপাশের সবুজ আর ফুলের সৌন্দর্য কিছুক্ষণের জন্য হলেও সব দুশ্চিন্তা ভুলিয়ে দেয়।
কাজের ফাঁকে ঘুরতে আসা দর্শনার্থী মাসুদ রানা বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে গ্রামবাংলার এমন শান্ত পরিবেশ ও ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। প্রকৃতির এই স্বাভাবিক রূপ মনে একধরনের প্রশান্তি এনে দেয়।
তবে কচুরিপানার ফুলের এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে স্মৃতিও। গ্রামের ৭৫ বছর বয়সী বাসিন্দা কফিল উদ্দিন কিছুটা আক্ষেপের সুরে বলেন, একসময় বিল-ঝিলে এমন কচুরিপানার ফুল প্রচুর দেখা যেত। কিন্তু এখন আর আগের মতো চোখে পড়ে না।
পরিবেশবিদদের মতে, কচুরিপানার ফুল জলাশয়ের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ালেও অতিরিক্ত কচুরিপানা জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হতে পারে। পানিতে সূর্যালোক ও অক্সিজেন প্রবেশে বাধা সৃষ্টি করে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই কচুরিপানার নান্দনিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি জলাশয়ের স্বাভাবিক পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ঋতুবদলের এই সময়ে কচুরিপানার বেগুনি ও সাদা ফুলে নীলফামারীর জলাশয়গুলো যেন সেজেছে নতুন সাজে। প্রকৃতির এই অনাড়ম্বর আয়োজন মনে করিয়ে দিচ্ছে, গ্রামবাংলার সৌন্দর্য শুধু বড় কোনো আয়োজন কিংবা পর্যটনকেন্দ্রে সীমাবদ্ধ নয়; বরং তা লুকিয়ে আছে চেনা-অচেনা জলাশয়, সবুজ প্রকৃতি আর সাধারণ কিছু ফুলের মধ্যে।