মুন্সীগঞ্জের গজারিয়া ঘাট থেকে চরকিশোরগঞ্জ, নৌরুটে মাত্র একটি ট্রলার চলায় প্রতিদিন হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নিত্যপ্রয়োজনে জেলা সদরে আসা-যাওয়া করা সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবীরা ঘাট ইজারাদারের চরম গাফিলতি ও উদাসীনতার কারণে এখন সম্পূর্ণ দিশেহারা।
নিয়মিত যাতায়াতকারী ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে জানান, জেলা সদরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই নৌরুটটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে।
অথচ গুরুত্বপূর্ণ এই ঘাটে পর্যাপ্ত নৌযান না রেখে মাত্র একটি ট্রলার দিয়ে পারাপার চালানো হচ্ছে।
এর ফলে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, যা চরম জনদুর্ভোগের সৃষ্টি করেছে।
ঝুঁকিপূর্ণ পারাপার ও অতিরিক্ত ভাড়া:
যাত্রীদের অভিযোগ, ইজারাদারের মনগড়া নিয়ম এবং তেলের দাম বৃদ্ধির অজুহাতে প্রায়ই অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি ট্রলারে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বোঝাই করা হচ্ছে।
উত্তাল মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় এই একমাত্র ট্রলারে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া না থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
জেলা সদরে অফিস-আদালত, চিকিৎসাসেবা কিংবা ব্যবসায়ী কাজে প্রতিদিন যাতায়াত করা মানুষগুলো এখন ইজারাদারের এই খামখেয়ালিপনার কাছে জিম্মি হয়ে পড়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী ও দিশেহারা যাত্রীরা এই চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং নৌপথে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে অনতিবিলম্বে পর্যাপ্ত ট্রলারের ব্যবস্থা করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।