দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার (২ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমরান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, নতুন প্রজন্মকে বিদেশমুখী না করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষায় মিড-ডে মিল চালুর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও পদক্ষেপ নিয়েছে সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, গোলাপগঞ্জের শিক্ষার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব নতুন প্রজন্মের। তাদের দিকে সবাই তাকিয়ে আছে।
জামেয়ার প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. ছবেদ আলী, দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস শাকুর, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির ও মাহফুজ আহমদ চৌধুরী।