চাঁদপুরে ৭টি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

দেশপ্রেম ও দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয় আনসার ও ভিডিপির

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম
দেশপ্রেম ও দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয় আনসার ও ভিডিপির

জননিরাপত্তা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর জেলার সাতটি উপজেলায় একযোগে শুরু হয়েছে কলেজভিত্তিক ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। গত ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামী ১০ দিন পর্যন্ত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলার ৭টি কলেজের মোট ৪৩০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কলেজপড়ুয়া তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং স্বেচ্ছাসেবী মানসিকতা বিকাশের মাধ্যমে তাদেরকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দশ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের যেসব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হচ্ছে- আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান এবং জননিরাপত্তা বিধানের কৌশল। যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় করণীয় ও উদ্ধারকাজ। বিভিন্ন সামাজিক অপরাধ রোধ ও সচেতনতা সৃষ্টি। আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনা ও সচেতনতা। এই প্রশিক্ষণের মাধ্যমে কলেজ শিক্ষার্থীদের সুসংগঠিত ও দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সময়োপযোগী উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁদপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এসব তথ্য নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে