বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা দেয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৪:৩৩ পিএম
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা দেয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে স্বাধীনতা বিরোধী চক্রদের বাঁধা দেয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ড। সোমবার (২ নভেম্বর) সকালে নগরীর কাচারী বাজারে  অনুষ্ঠিত সমাবেশ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনসার আলী’র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, মহানগর আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব আব্দুস সাত্তার, সাবেক ডেপুটি কমান্ডার মঞ্জুরুল ইসলামসহ অন্যরা।

 মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতা বিরোধীরা সেই সময় অনেক চক্রান্ত করেও সফল হয়নি। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরাসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রাপ্য নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছে। যে রাষ্ট্র বির্নিমানে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছে, সেই রাষ্ট্রে স্বাধীনতার ৫৫ বছরেও মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হতে হচ্ছে, অসম্মান করা হচ্ছে। 

বক্তারা বলেন, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশরারীর জানাজা ও দাফনে বাঁধা দিয়েছে স্বাধীনতা বিরোধী চক্র। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ বীর মুক্তিযোদ্ধাদের সুরক্ষা ও সম্মান নিশ্চিতে রাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে