খুলনায় এবার নদীর চরে মিলল দুই যুবকের মরদেহ

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৪:২২ পিএম
খুলনায় এবার নদীর চরে মিলল দুই যুবকের মরদেহ

খুলনায় ২০ ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের পর এবার রূপসা উপজেলায় রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহের চর এলাকা) একটি কলাবাগানের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহততরা হলেন, রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩৫) এবং সিংহের চর এলাকার রেজাউল করিম (৩০)। সোহাগ জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে জানা গেছে।  পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোহাগ সন্ত্রাসী গ্রুপ 'বি কোম্পানি'র সদস্য ছিলেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে নদীর কাদার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি মরদেহ ভেসে ওঠে। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় নদীর দুই পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয়দের দাবি, মরদেহ দুটি নদীর চরে আটকে ছিল এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। উভয়ের মাথায় রক্তাক্ত ক্ষতও দেখা গেছে। তবে এসব ক্ষত কীভাবে এবং কখন সৃষ্টি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান নদী থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এদিকে গত দুই দিনে খুলনায় দুটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এর মধ্যে গত রোববার সন্ধ্যায় আড়ংঘাটা থানার রায়মহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের এক নেতা নিহত হন। এর আগের দিন শনিবার রাতে নগরের দারোগাপাড়া এলাকায় চাপাতির কোপে খুন হন শহিদুল (৩৫) নামে এক যুবক।

পরপর হত্যাকাণ্ড ও রহস্যজনকভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নদী থেকে উদ্ধার হওয়া দুই ব্যক্তির মাথায় রক্তাক্ত ক্ষত থাকায় তাঁদের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের আগে তাঁদের হত্যার শিকার হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দুই ব্যক্তির পরিচয়, মৃত্যুর কারণ এবং তাঁদের মরদেহ নদীতে কীভাবে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে