চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.পারভেজের সঞ্চালনায় ও সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়ার কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুলসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।
পরে দুইজন প্রশিক্ষিত যুবকের মাঝে মোট ১ লাখ ৬০ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, তরুণ প্রজন্মই দেশের চালিকাশক্তি। যুবসমাজকে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ জন্য তিনি যুবসমাজকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ ও আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।