সাত দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জামায়াত আমির

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ পিএম
সাত দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জামায়াত আমির

সাত দফা দাবি আদায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে ১১ দলের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চে  পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২ টায় শুরু হওয়ায় পথসভায় সন্ধ্যা ৫ টার দিকে তিনি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। 

ডা. শফিকুর রহমান আরও বলেন, “জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে গণভোটের গণরায় কার্যকর করতে হবে।”

বাংলাদেশ জামায়েত ইসলাম অভয়নগর উপজেলার সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামের সঞ্চালনায়, পথসভায় সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়েত ইসলামের অভয়নগর উপজেলার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সহকারী সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফাত মজলিস(বি কে এস) এর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান সাধারন সম্পাদক জাকারিয়া হোসাইনসহ ১১ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সভায় বক্তারা সাত দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে