মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:৩৩ পিএম
মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা
ছবি: সংগ্রহীত

লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দিকে ছাড়া নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। মেসির বিদায়ের পর এই প্রথম তাঁকে ছাড়া মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

১৩ নভেম্বর বুয়েনস এইরেসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার রিও দে লা প্লাতা ডার্বি। ম্যাচটি আয়োজনের জন্য এগিয়ে রয়েছে বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী মাঠ লা বোম্বোনেরা। তবে বিকল্প ভেন্যু হিসেবে রয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকো। সংস্কারকাজ চলায় স্টেডিয়ামটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়। নভেম্বরের শেষ দিকে সেখানে আর্জেন্টিনা নারী দলের জার্মানির বিপক্ষে খেলার কথা রয়েছে।

চার দিন পর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বরে এই মাঠেই বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। এবারও সেই মাঠে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে স্কালোনির দল।

মেসিকে ছাড়া খেলার বিষয়টি আর্জেন্টিনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। দীর্ঘদিনের এই তারকার বিদায়ের পর এবার নতুন নেতৃত্বে দল সাজানোর সুযোগ পাচ্ছেন কোচ স্কালোনি।

মেসির পাশাপাশি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ফলে দলের নেতৃত্বে পরিবর্তন আসছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোর। আসন্ন ক্যাম্পে স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চুক্তি নবায়নের বিষয়েও অগ্রগতি হতে পারে। বেনিনের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাব।’

নভেম্বরের এই দুই ম্যাচে কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বোকা জুনিয়র্সের হয়ে কোপা সুদামেরিকানার ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় মিল্টন দেলগাদো ও লিওনেল ফ্লোরেস দলে থাকছেন না। আগামী ২১ নভেম্বর কলম্বিয়ার বারাঙ্কিয়ায় আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ফাইনাল খেলবে বোকা জুনিয়র্স।

এদিকে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনায় পাওয়া নিষেধাজ্ঞার বাকি অংশ ভোগ করতে হবে লিয়ান্দ্রো পারেদেসকে। সে কারণে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুই ম্যাচেই তাঁকে পাওয়া যাবে না।

বিদেশি লিগে খেলা ফুটবলারদের মধ্যে লাওতারো মার্তিনেজের অংশগ্রহণও অনিশ্চিত। চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন তিনি। তবে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ নিজেই জানিয়েছেন, নভেম্বরের এই দুই ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলবেন।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য পুরোনো এক স্মৃতিও ফিরিয়ে আনবে। ২০২৩ সালের ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লা বোম্বোনেরাতেই স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। এবার একই মাঠে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেতে পারে আর্জেন্টিনা, যদি শেষ পর্যন্ত এই স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজন করা হয়।

চলতি বছর বোকা জুনিয়র্সের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে ওই ম্যাচ দুটি ছিল ২০২৬ বিশ্বকাপের আগে দেশের মাটিতে সমর্থকদের সঙ্গে দলের বিদায়ী আয়োজন। অন্যদিকে কর্দোবার কেম্পেস স্টেডিয়ামেও এ বছর খেলেছে দলটি। সেখানে বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার কোস্টারিকার মুখোমুখি হবে তারা।

উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটি স্কালোনির জন্য নতুন খেলোয়াড়দের পরখ করা এবং দলের কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি করবে। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ধাপ শুরুর আগে সম্ভাব্য একাদশ ও কৌশল ঠিক করতে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাছাইপর্বের পরবর্তী ধাপ ২০২৭ সালের মার্চে শুরু হওয়ার কথা। তবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে আর্জেন্টিনা এরই মধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে স্কালোনির।