পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ও আহত পরিবারগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত থেকে অনুদানের অর্থ পরিবারগুলোর হাতে তুলে দেন। দাফন ও আহতদের জরুরি চিকিৎসায় আর্থিক সহায়তা হিসেবে নিহত ৬ জনের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পাবনা প্রেক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, মালঞ্চি ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, শুক্রবার বিকেল ৪টার দিকে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ শিকার করতে যায় নয়জন কিশোর তরুণ। এসময় বজ্রপাতে ৬ জন নিহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতরা হলেন, উপজেলার নলমুড়া গ্রামের রব্বেল হোসেন (২২), মিজান আলী (১২), সাজিদ হোসেন (১০), আব্দুল্লাহ প্রামানিক (১৮), ইমন হোসেন (১৪) ও গঞ্জমতি গ্রামের শাওন হোসেন (২২)।