দক্ষিণী সিনেমা ‘পেদ্দি’-তে নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে বিতর্কের মুখে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবির কয়েকটি দৃশ্য নিয়ে নিজের অস্বস্তি ও অপরাধবোধের কথা স্বীকার করেছেন তিনি। অভিনেত্রীর মতে, ছবিতে নারীকে যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং যৌন নির্যাতনের বিষয়টি যেভাবে দেখানো হয়েছে, তা স্বাভাবক নয়। শুটিংয়ের সময় আরও জোরালো প্রতিবাদ করা উচিত ছিল বলেও মনে করছেন তিনি।‘কফি উইথ কর্ণ ৯’-এর সাম্প্রতিক পর্বে পরিচালক করণ জোহরের সঙ্গে কথোপকথনে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জাহ্নবী। ছবিটি ঘিরে সমালোচনা কীভাবে সামলেছেন এবং এর সঙ্গে যুক্ত থাকার বিষয়টি কীভাবে দেখছেন, তা জানতে চান করণ। জবাবে জাহ্নবী জানান, ছবির সঙ্গে অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে থাকায় বিতর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলা উচিত কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। তবে ছবির গল্প সমাজে, বিশেষ করে নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা থেকেই তার মনে অপরাধবোধ তৈরি হয়েছে। অভিনেত্রীর কথায়, ‘এই ধরনের গল্প আমাদের সমাজের ওপর, বিশেষ করে নারীদের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা ভেবে আমার অপরাধবোধ হয়। এই লজ্জা আমাকে চিরকাল বয়ে বেড়াতে হবে।’ ছবিতে আচিয়াম্মা চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিযোগ, কয়েকটি দৃশ্যে চরিত্রটির ব্যক্তিত্বের চেয়ে শরীরের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সম্মতি ছাড়া চুম্বনের দৃশ্য নিয়েও আপত্তি উঠেছিল। এসব বিষয় পর্যালোচনা করে অভিনেত্রী মনে করছেন, শুটিংয়ের সময় তার আরও সতর্ক হওয়া এবং দৃঢ়ভাবে নিজের আপত্তি জানানো উচিত ছিল। জাহ্নবী বলেন, ‘আমি কি আরও কিছু করতে পারতাম? আরও সতর্ক হতে পারতাম? অবশ্যই পারতাম, শতভাগ। বিষয়টি কি সমস্যাজনক ছিল? নারীকে কি বস্তু হিসেবে তুলে ধরা হয়েছিল? ছবির বয়ান কি যৌন নির্যাতনকে প্রশ্রয় দিয়েছিল? সব প্রশ্নের উত্তরই হ্যাঁ।’ তিনি আরও জানান, পরিচালকের নির্দেশনার মধ্যে থেকেই দৃশ্যগুলোকে যতটা সম্ভব কম সমস্যাজনক করার চেষ্টা করেছিলেন। শুটিংয়ের সময় যতটুকু বুঝতে পেরেছেন, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখন মনে হচ্ছে, আরও জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন ছিল। নিজের সামাজিক অবস্থান নিয়েও আত্মসমালোচনা করেছেন জাহ্নবী। তার মতে, অন্যদের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পাওয়ার কারণে অস্বস্তিকর পরিস্থিতিতে প্রতিবাদ করার বাড়তি দায়িত্বও তার ছিল। অভিনেত্রীর ভাষায়, ‘আমি এমন একটা জায়গা থেকে এসেছি, যেখানে সুযোগ-সুবিধা অনেক বেশি। সেই অবস্থানকে আমার কাজে লাগানো উচিত ছিল।’