নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৪:০১ পিএম
নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিআরডিবির উপ-পরিচালক মো. নাজমুল আনোয়ার। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, ওসি তদন্ত আব্দুল হালিম, একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল তুলে ধরে কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কিশোরীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। কিশোরীদের লেখাপড়া অব্যাহত রাখা, অল্প বয়সে বিয়ে না দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষায় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে