জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তাঁর সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি সামরিক-বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৬ মিনিটে) প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চার দিনের এই সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হন। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ ছাড়া সফরকালে প্রধানমন্ত্রী জাপানের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিল্প স্থাপন এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সফরকালে প্রধানমন্ত্রী জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গেও এক মতবিনিময় সভায় অংশ নেন।