বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের চোটের জন্য আগে থেকেই ধুঁকছিল নিউজিল্যান্ড। তার ওপর ভারতের বিপক্ষে তারা তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। ফলে ঘরের মাঠের এই লড়াইয়ে পেসারদের বেছে বেছে খেলাচ্ছে কিউইরা। এরই মাঝে ৩-০ ব্যবধানে হেরে বসেছে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচের আগে নিউজিল্যান্ড দুঃসংবাদ পেয়েছে। এডেন পার্কে আজ শুক্রবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে আতিথ্য দেবে স্বাগতিকরা। ওই ম্যাচের টিকিট আগেভাগেই সোল্ড আউট হয়ে যায়। কিন্তু সেই ম্যাচের আগে চোটের কারণে ছিটকে গেলেন কিউই পেসার লকি ফার্গুসন। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতেও তার খেলা হবে না। সে কারণে বাকি দুটি ম্যাচের জন্য ম্যাট ফিশারকে দলে ডাকা হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন ফার্গুসন। পরে স্ক্যান করে তার ‘লো-গ্রেড টিয়ার’ ইনজুরি নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ড। সেরে উঠতে তার আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে তারা জানিয়েছে। এ ছাড়া ডান ঊরুতে ব্যথার জন্য ম্যাট হেনরিকেও পরীক্ষা করা হয়েছে। ‘লো-গ্রেড টিয়ার’ থেকে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে ডানহাতি এই পেসারেরও। দুই তারকা পেসারের চোট নিয়ে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার, ‘লকি ও ম্যাটের জন্য আমরা বেশ মর্মাহত। আন্তর্জাতিক ক্রিকেটে চোট পাওয়াটা একটি অবিচ্ছেদ্য অংশ, তবে এর কারণে ম্যাচ মিস করতে হলে মেনে নেওয়া মোটেও সহজ নয়। সৌভাগ্যবশত ম্যাট আগে থেকেই টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছিল। মূলত গ্রীষ্মকালীন ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই সে ওই সিদ্ধান্ত নেয়। আমরা আশাবাদী যে ওয়ানডে সিরিজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’ একইভাবে লকি ফার্গুসনও ওয়ানডে সিরিজের দলে ফিট হয়ে ফিরবেন বলে প্রত্যাশা কিউই কোচের। আর ওয়ানডে সিরিজের জন্য আগে থেকেই বিশ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল ম্যান হেনরির। ঘরের মাঠে বেশ ব্যাকফুটে অবস্থানে আছে নিউজিল্যান্ড। টানা তিন টি-টোয়েন্টিতে তাদের ওপর দাপট দেখিয়ে জিতেছে ভারত। বাকি দুটি টি-টোয়েন্টির পর উভয় দল পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে।