ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ডোপ টেস্টে তাঁদের মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় আদালত বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের জুয়েল মণ্ডল (৩৫), বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯), মাহিন ইসলাম (২০) ও ইমন মির্জা (২৮) এবং ঈশ্বরবা গ্রামের সম্রাট বিশ্বাস (২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ নম্বর ক্রম অনুযায়ী, জুয়েল মণ্ডলকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সম্রাট মির্জাকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, মাহিন ইসলাম ও ইমন মির্জাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং সম্রাট বিশ্বাসকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়। পরে ডোপ টেস্টে তাঁদের ফল পজিটিভ আসে। তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।