জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে রংপুর জেলা ও মহানগর যুবদল। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা যুবদলের উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. মাহাফুজ নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জেমস, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মো. লিটন পারভেজ, জেলা যুবদলের সহসভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে, একই দিন দুপুর দেড়টায় একই স্থান থেকে জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও ঘোড়ার গাড়ি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রংপুর মহানগর যুবদল। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. মাহাফুজ নবী ডন। সমাবেশে বক্তব্য রাখেন ড্যাবের সাবেক সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক ওহায়েদ মুরাদ, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি-সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। কর্মসূচিতে যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।