রাজশাহীতে অটোরিকশা ছিনতাইয়ের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) :
| আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬, ০৩:০৯ পিএম | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৩:০৯ পিএম
রাজশাহীতে অটোরিকশা ছিনতাইয়ের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর দামকুড়া থানায় দায়ের করা অটোরিকশা ছিনতাইয়ের মামলার প্রধান আসামি মো. জাকির হোসেন জনি (৩২) কে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর সকালে অটোচালক সাজিদ শেখ (১৮) প্রতিদিন এক হাজার টাকা ভাড়ার চুক্তিতে অটোরিকশা নিয়ে দামকুড়া বাজারে যান। সেখানে পূর্বপরিচিত জনিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন তাকে একটি খাবার হোটেলে নিয়ে যায়। পরে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানায় জনিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে দস্যুতার মামলা করা হয়। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে