ভারতীয় বক্স অফিসে দীপাবলির আয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ মুক্তি পাবে ২০২৭ সালের ২৯ অক্টোবর। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন প্রভাস, দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই দীপাবলিতে প্রথম দিনের আয়ের পুরোনো রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমার উদ্বোধনী আয়ের তালিকায় এখনো এগিয়ে সালমান খানের ‘টাইগার ৩’ ও ‘প্রেম রতন ধন পায়ো’। প্রথম দিনে ‘টাইগার ৩’ আয় করেছিল ৪৪ কোটি ৫০ লাখ রুপি, আর ‘প্রেম রতন ধন পায়ো’র আয় ছিল ৪০ কোটি ৩৫ লাখ রুপি। এবার এই রেকর্ডে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বড় বাজেটের কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত সিনেমাটি ২০২৬ সালের ৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক ধারণা, ছবিটি দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিতে পারে। সে ক্ষেত্রে তালিকা থেকে বাদ পড়তে পারে ‘প্রেম রতন ধন পায়ো’। অন্যদিকে, ‘স্পিরিট’ নিয়ে প্রত্যাশার বড় কারণ প্রভাসের সর্বভারতীয় জনপ্রিয়তা এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার নির্মাণশৈলী। ‘বাহুবলী ২’, ‘সালার’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র মতো সিনেমায় প্রভাসের সাফল্য তাঁর বক্স অফিসের অবস্থান আরও শক্ত করেছে। আর ‘কবির সিং’ ও ‘অ্যানিম্যাল’ দিয়ে পরিচিতি পেয়েছেন সন্দীপ। সব মিলিয়ে ‘স্পিরিট’ মুক্তির প্রথম দিনেই বড় অঙ্কের আয় করতে পারে বলে আশা করা হচ্ছে। সিনেমাটি প্রত্যাশা পূরণ করলে ‘টাইগার ৩’-এর উদ্বোধনী আয়ের রেকর্ডও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে শেষ পর্যন্ত পুরোনো রেকর্ড ভাঙবে কি না, তা নির্ভর করবে দর্শকদের সাড়া ও মুক্তির পর সিনেমার ব্যবসার ওপর।