বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লার হোমনার বাসভবনে মরহুমের পরিবার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনের শুরুতে মরহুম এম কে আনোয়ার ও মাহমুদা আনোয়ারের জ্যেষ্ঠ সন্তান মাহমুদ আনোয়ার কাইজার পরিবার-পরিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় তারা কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাদের জন্য মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সেখানে উপস্থিত হয়ে মাহমুদ আনোয়ার কাইজার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি উসমান গনিসহ স্থানীয় দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের অধিকারী এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করে দীর্ঘ ৩৪ বছর অত্যন্ত সুনামের সঙ্গে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সেবা প্রদান করেন এবং দেশের ৭ম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন। কুমিল্লা-০১ ও পরবর্তীতে কুমিল্লা-০২ (হোমনা-মেঘনা ও হোমনা-তিতাস) আসন থেকে তিনি ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিল্প, বাণিজ্য, নৌ-পরিবহন ও কৃষিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। ২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।