চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৪:৪৪ পিএম
চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সার পরে কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির ১ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।  গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের প্রত্যন্ত বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় ‘মেসার্স চলনবিল এগ্রো এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ও কীটনাশক ব্যবসায়ী মোঃ মহাসিন আলমের বাড়ির গোডাউন থেকে এই সার জব্দ করা হয়। মহসিন আলম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে ব্যবসা করেন। 

বাড়িতে মজুত করা সার নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা বুধবার সন্ধ্যা থেকে সারা রাত গোডাউন ঘিরে রাখে এবং বিষয়টি প্রশাসনকে জানান। স্থানীয় হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলেও পুলিশ রহস্যজনক কারণে ঘটনাস্থলে যায়নি বলে এলাকাবাসীর অভিযোগ। খবর পেয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। অভিযানে কৃষি বিভাগ ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়রা অভিযোগ করেন,মহসিন আলম কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করেছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ বলেন, জব্দ করা ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে মোট ১ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে