বিসর্জনে নিরাপত্তার চাদরে চাঁদপুর, পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০১:১২ পিএম
বিসর্জনে নিরাপত্তার চাদরে চাঁদপুর, পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান

উৎসবমুখর ও প্রীতিময় পরিবেশে চাঁদপুরে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন। প্রতিমা বিসর্জন অনুষ্ঠান ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নজরদারিতে ছিল চাঁদপুর জেলা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) শহরের প্রধান প্রধান বিসর্জনস্থল ও সংলগ্ন এলাকাগুলোতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার  মো. মিজানুর রহমান। প্রতিমা বিসর্জনকালে তিনি বিভিন্ন পয়েন্টে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা চাদরের তদারকি করেন। দেবী দুর্গার বিদায়লগ্নে ভক্তদের বিসর্জন প্রক্রিয়া যেন সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। ​পরিদর্শনকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বিসর্জন সম্পন্ন হওয়া পর্যন্ত পুলিশের এই কড়া নজরদারি বজায় থাকবে।"পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুলিশের সার্বিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা।

আপনার জেলার সংবাদ পড়তে