‘কৃষকদের প্রণোদনার টাকা পেলেন চাঁদ এমপি’ শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, তাঁকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। এ ধরনের শিরোনাম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক প্রতিবাদলিপিতে তিনি এসব কথা বলেন। প্রতিবাদলিপিতে সংসদ সদস্য চাঁদ বলেন, তাঁর বাপ-দাদার আমল থেকেই তাঁদের পরিবার আখ চাষ ও আখ সরবরাহের সঙ্গে সম্পৃক্ত। তিনিও দীর্ঘদিন ধরে আখ চাষসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদন করে আসছেন। ব্যক্তিগতভাবে রাজশাহী সুগার মিলে শত শত গাড়ি আখ সরবরাহ করেছেন এবং ভবিষ্যতেও সরবরাহ করবেন। তিনি আরও বলেন, আখ সরবরাহ-সংক্রান্ত তথ্য ও নথিপত্র রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। এসব নথি যাচাই করলেই প্রকৃত তথ্য জানা সম্ভব। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, আখ চাষ, আখ সরবরাহ এবং কৃষকদের জন্য সরকারি প্রণোদনা পৃথক বিষয়। তাই সংবাদ প্রকাশের আগে বিষয়গুলো যথাযথভাবে যাচাই-বাছাই করা এবং সঠিক প্রেক্ষাপট তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। সংসদ সদস্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধিকে জড়িয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর শিরোনাম পরিহার করতে হবে। বস্তুনিষ্ঠ তথ্য, প্রামাণ্য নথি এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করতে হবে। প্রতিবাদলিপির শেষে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই হোক গণমাধ্যমের অঙ্গীকার।