মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাকরাইল ইসলামি চক্ষু হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে দিনব্যাপী ইমামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা প্রদান করেন কাকরাইল ইসলামি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার হাসিবুল ইসলাম শান্ত (এমবিবিএস, পিজিটি-চক্ষু)।
ক্যাম্পে আগত রোগীদের মধ্যে ২০ জনকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়, যাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এছাড়া ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়েছে।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: সবুজ শিকদার।