আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৩:১৪ পিএম
আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে দেশের সম্পদ ও অর্থ নজিরবিহীনভাবে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তাঁর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সংসদ সদস্যরা দেশের অর্থসম্পদ বিদেশে নিয়ে প্রাসাদ গড়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলটির নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা যে পরিমাণ লুটপাট করেছেন, বিশ্বের কোথাও তার নজির নেই। দেশের সম্পদ ও টাকা বিদেশে নিয়ে গিয়ে তাঁরা প্রাসাদ তৈরি করেছেন। তাঁর ভাষ্য, পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি।

স্পিকারের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ কেউ কয়েক শ জমি দখল করেছিলেন। তাঁরা মনে করেছিলেন, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। দেশের অর্থসম্পদ লুটপাট করে তাঁরা আইন-আদালতও কিনে ফেলেছিলেন বলে অভিযোগ করেন তিনি। অতীতের ওই সময়ের ঘটনার পুনরাবৃত্তি দেশে হতে দেওয়া হবে না বলেও জানান হাফিজ উদ্দিন আহমেদ।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। বিদেশে গড়ে তোলা প্রাসাদে বসেই তাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন স্পিকার।

বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ক্ষমতা গ্রহণের মাত্র আট মাসের মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে হয়েছে। একইভাবে অস্ত্র হাতে দেখা যাওয়ার ঘটনায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

স্পিকারের দাবি, এ ধরনের ঘটনায় পদত্যাগের নজির বিএনপি সরকারই সৃষ্টি করেছে, অন্য কোনো সরকারের আমলে এমনটি দেখা যায়নি। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে উৎসবটি শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য সম্মানজনক অর্জন হিসেবে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলের চেয়ারম্যান হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে বলে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের সবার সম্মান। এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

আপনার জেলার সংবাদ পড়তে