চাঁদপুরে প্রতারণার একটি মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল (৪৫) ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে (৬৫) জেলহাজতে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের কারাদণ্ডের আদেশে আদালত কক্ষে খুশিতে হাততালি দেওয়ায় আদালত অবমাননার দায়ে মামলার বাদী মো. কবির হোসেন লিটনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ অভূতপূর্ব আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সি/ডব্লিউ (কাস্টডি ওয়ারেন্ট) মূলে সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় হাজিরা দিতে গেলে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিনে আসামি পক্ষের আইনজীবীরা পুনরায় জামিনের আবেদন জানালে বিচারক তা প্রত্যাখ্যান করে পূর্বের আদেশ বহাল রাখেন।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।
মামলা ও এজাহার সূত্রে জানা গেছে, একাধিক সিআর ও জিআর মামলার বাদী মো. কবির হোসেন লিটনের অভিযোগ- হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান ক্রয়ের জন্য আসামিরা তার কাছ থেকে ৪২ লাখ টাকা নেন। তবে দীর্ঘ সময় পার হলেও তাকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি এবং টাকাও ফেরত প্রদান করা হয়নি। পরবর্তীতে তিনি বাদী হয়ে পেনাল কোডের ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় আদালতে মামলা দায়ের করেন।
আদালত কক্ষে অদ্ভুত কান্ড: আদালতের প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ শোনামাত্রই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাদী কবির হোসেন লিটন। তিনি এজলাস কক্ষেই জোরে হাততালি দিয়ে ওঠেন। বিচারালয়ের শিষ্টাচার লঙ্ঘন ও আদালত অবমাননার বিষয়টি আমলে নিয়ে বিচারক তাৎক্ষণিকভাবে বাদীকেও কাস্টডি ওয়ারেন্ট (সি/ডব্লিউ) মূলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে আসামিসহ মামলার বাদী- তিন জনকেই চাঁদপুরের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে হাজীগঞ্জ ও চাঁদপুর আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।