প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে সাজছে সৈয়দপুর শহর

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৬:২৪ পিএম
প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে সাজছে সৈয়দপুর শহর

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর, শহরের বিভিন্ন সড়ক সাজানো এবং পরিচ্ছন্নতার কাজ চলছে। বিমানবন্দর এলাকা থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও গোলচত্বরগুলোকে নতুন রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরের কথা রয়েছে। এ সফরকে ঘিরে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থেকে সৈয়দপুর বাজার মোড় পর্যন্ত সড়কের দুই পাশ বিভিন্ন রঙে সাজানো হচ্ছে। রঙের ছোঁয়ায় বদলে দেওয়া হচ্ছে সড়কের পাশের বিভিন্ন স্থাপনা ও গোলচত্বরগুলোও। এ ছাড়া সৈয়দপুর উপজেলা পরিষদ থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়ক সাজানোর কাজ চলছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন ও নান্দনিক করে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সৈয়দপুর বিমানবন্দর, শহরের সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সড়কের দুই পাশ রঙিন করে সাজানো, গোলচত্বরগুলোর সৌন্দর্যবর্ধন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসব কার্যক্রম তদারকি করছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। এ কাজে সহযোগিতা করছেন সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষে সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিমানবন্দর এলাকার এই সাজসজ্জা শহরের দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে