ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগে থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে।
জনসংযোগ বিভাগ জানায়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।