অবৈধ অনুপ্রবেশের মামলায় দুই ভারতীয় নাগরিক কারাগারে, জামিন নামঞ্জুর

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম
অবৈধ অনুপ্রবেশের মামলায় দুই ভারতীয় নাগরিক কারাগারে, জামিন নামঞ্জুর

‎বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে করা মামলায় দুই ভারতীয় নাগরিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী ধার্য তারিখ রয়েছে।

‎মামলার অভিযোগপত্র অনুযায়ী, আসামিরা হলেন ইসমাইল হোসেন ও আব্দুল আলীম মন্ডল। তাঁদের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, গত ৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরে ক্লিনিকে  খোঁজ নিয়ে দুই ভারতীয় নাগরিককে আহত অবস্থায় চিকিৎসা নিতে দেখা যায়। পরে তাঁদের বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র সম্পর্কে জানতে চাওয়া হলে তাঁরা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে। পুলিশের অভিযোগ, ওই দিন সকাল আনুমানিক ৬টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দইখাওয়ার চর সীমান্ত এলাকা দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। এ বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাঁদের বিরুদ্ধে দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় মামলা করা হয়। বৃহস্পতিবার দুই আসামিকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির করা হলে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞবিচারক রফিকুল ইসলাম। আসামীপক্ষের আইনজীবী এড. ওমর ফারুক সুমন জানান, আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী ধার্য তারিখে আসামিদের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।

আপনার জেলার সংবাদ পড়তে