সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙ্গামাটির রিজার্ভ বাজারস্থ ঐতিহাসিক শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭, চট্টগ্রামের সিপিপি-২ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো: আশরাফুল ইসলাম। পরিদর্শনকালে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এএসপি মো: আশরাফুল ইসলাম বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপগুলোর সার্বিক সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।”
এ সময় পুজো উদযাপন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করে শ্রী শ্রী গীতাশ্রম মন্দির পূজা কমিটির সভাপতি শংকর হোড় বলেন, “প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই সক্রিয় উপস্থিতি আমাদের ও ভক্তদের মাঝে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।” পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের পুরোহিত পুলক চক্রবর্তী, মন্দিরের সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক নন্দন দেবনাথ এবং বাংলাদেশ পূজা ফ্রন্ট রাঙ্গামাটির সদস্য সচিব সান্টু চৌধুরীসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি মন্দিরের সুরক্ষা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত সদস্য ও স্থানীয় উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন যেকোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক অবহিত করার পরামর্শ দেন।