জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা, মিঠাপানির উৎস সংরক্ষণ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে খুলনার কয়রায় খাল ও পুকুর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বুধবার সকালে কয়রা সদরের দেউলিয়া বাজারসংলগ্ন খাল এবং চেয়ারম্যান বাড়ির মিঠাপানির পুকুর থেকে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা, লতাপাতা ও পরিবেশদূষণকারী বর্জ্য পরিষ্কার করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের( ইওউ৪ঈঔ) আওতায় পরিছন্ন কর্মশালাটির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড। পরিছন্ন অভিযানের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন, কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমন,ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন,সাংবাদিক ফরহাদ হোসেন,প্রমুখ । যুবকদের অংশগ্রহণে খাল ও পুকুরের ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়। উপকূলীয় জনপদ কয়রায় খাল ও পুকুর শুধু পানির উৎস নয়, স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। এসব জলাশয়ে ময়লা-আবর্জনা জমে থাকলে পানির গুণগত মান ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জলাশয় পরিচ্ছন্ন রাখা, মিঠাপানির উৎস সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করা ইকোসিস্টেম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলাশয় রক্ষায় সম্মিলিত অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।