খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম, গ্রেফতার ২

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:২০ পিএম
খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম, গ্রেফতার ২

খুলনায় ছিনতাইয়ের সময় ধারালো চাপাতি দিয়ে পুলিশের এক পরিদর্শককে গুরুতর জখম করার মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-৬ এর একটি দল নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-মূল পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) এবং তার সহযোগী মো. ইব্রাহিম গাজী (৪২)। মিরাজ নগরীর হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার পুত্র এবং ইব্রাহিম গাজী নগরীর টুটপাড়াস্থ সরকারপাড়ার মৃত আকবর আলী। এসআরবি-৬’র মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি দল নগরীর সোনাডাঙা থানাধীন কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে এর আগে কেএমপির আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির একাধিক মামলার রেকর্ড রয়েছে। এছাড়া সহযোগী ইব্রাহিম গাজীর বিরুদ্ধেও খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এসআরবি-৬ খুলনার উপ-অধিনায়ক ও স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই চাঞ্চল্যকর ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য,  গত ৯ অক্টোবর গভীর রাতে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপরে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার পরপরই খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সোনাডাঙা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এবং হাতের আঘাত গুরুতর হওয়ায় খুলনা মেডিকেলের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ঢাকার এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে