সাপ্তাহিক ছুটিসহ টানা ৭ দিন বন্ধ, বাণিজ্য চালু ২৪ অক্টোবর

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:০০ পিএম
দুর্গাপূজায় ৬ দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা সাত দিন বন্ধ থাকবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংগঠনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময়ে হিলি কাস্টমস অফিসের দাপ্তরিক কার্যক্রম এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে