জয়পুরহাটের ক্ষেতলালে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি’তে নিবন্ধিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ পুকুরে কর্মসূচিটির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭-এর আওতায় জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের সাঁতারের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি মোকাবিলা ও নিরাপদে সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয় এবং সাঁতার সম্পর্কে সচেতনতা তৈরির প্রত্যাশা করা হচ্ছে।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ফায়ার সার্ভিসের কর্মীরা। আরও উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফিউল হাদি মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রবিউল ইসলাম লিটনসহ অন্যরা।