খুলনার কয়রা উপজেলার উত্তরচক বহুমুখী কামিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, প্রশ্ন ফাঁস ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে আর্থিক লেনদেনের মাধ্যমে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ তুলে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন সচেতন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। লিখিত বক্তব্য তিনি অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান অনিয়মের মাধ্যমে ছয়জন কর্মচারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে । নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে অনৈতিক পন্থা অবলম্বন করেছে। এসব অভিযোগের বিষয়ে গত ৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিধিবহির্ভূতভাবে প্রতিনিধি নিয়োগ করে তড়িঘড়ি করে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আব্দুল্লাহ আল মামুন আরও দাবি করেন, বায়েজিদ ইসলাম নামে এক প্রার্থীকে চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকার চুক্তি করা হয়। এর মধ্যে নগদ তিন লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একইভাবে শাহিন ইসলাম নামে আরেক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকার চুক্তিতে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পক্ষে প্রমাণাদি নিজের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেনা আব্দুল্যা আল মামুন। তার দাবি, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে হবে। এদিকে, নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রতিবাদে সচেতন এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। তাদের দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়। এ সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরচক বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান বলেন, সকল নিয়মকানুন মেনেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।