বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

“দেশকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আ.লীগ”

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৩:৩৬ পিএম
“দেশকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আ.লীগ”

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “দেশ এখন উন্নয়নের সিড়িতে হাটছে। আর দেশকে অস্থিতিশীল করতে আওয়ামীলীগ দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা একর পর এক ষড়যন্ত্রের জাল পেতে দেশের উন্নয়নকে থামিয়ে দিতে চাচ্ছেন। তিনি বলেন, আ’লীগ আমলের মন্ত্রীরা দেশের বিভিন্ন খাতের কোটি কোটি টাকা আত্নসাত করে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে এখন তারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে দেশে আমদানীরত জ্বালানী তেল গ্যাস সরবরাহ বন্ধের ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছেন তারা । এছাড়া দেশকে অস্থিতিশীল করতে আ’লীগ ও তাদের দোসররা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামেন ককটেল বিষ্ফোরন সহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড করে ত্রাস সৃষ্টি করে চলেছেন। কিন্তু কোনো ষড়যন্ত্রই এদেশের উন্নয়ন রুখতে পারবে না বলে জানান বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব”।

বুধবার সকাল ১১ টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামে আমেরিকান  প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবিরের বাড়ীর প্রাঙ্গণে আয়োজিত দুস্থদের জন্য নবনির্মিত বাড়ী প্রদান, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মোদাররেস আলী ঈসা, চরভদ্রাসন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার সেলিম ও সদরপুর উপজেলা বিএনপি’র সভাপতি কাজী বদরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, বিএনপি সরকার সর্বদায় দেশের উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি বরেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ত্রিশ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচী হাতে নিয়েছেন এবং প্রায় এক হাজার কিলোমিটর খাল খননকার্য শেষে করেছেন। কোটি কোটি বৃক্ষ রোপন কার্য শেষ হয়েছে। দেশের মানুষের জন্য জেলে কার্ড, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এসব উন্নয়ন ও বিএনপি’র জনপ্রিয়তা বৃদ্ধি দেখে আওয়ামীলীগ ঈর্ষার আগুনে পুড়ছে। তাই তারা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশ-বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে চলেছে। তাই দেশকে অস্থিতিশীল করার সকল অপচেষ্টার বিরুদ্ধে উক্ত অনুষ্ঠানে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আপনার জেলার সংবাদ পড়তে