খুলনার কয়রায় সরকারি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত অংশীজনদের অংশগ্রহণে ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এতে নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) সংস্থার ‘আরডব্লিউভিএল-বি’ প্রকল্পের উদ্যোগে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) সংস্থার নির্বাহী প্রধান মেরিনা পারভীন জুথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল আজাদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। আইআরভির প্রোগ্রাম ম্যানেজার ছালমা পারভীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্যপ্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্যবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করে নারীদের নির্ভয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে।
বক্তারা আরও বলেন, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও কমিউনিটির প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নারীরা যাতে নিজেদের স্বাস্থ্যসমস্যা সম্পর্কে সচেতন হতে পারেন এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো মহসিন আলী, সাংবাদিক মো. রিয়াছাদ আলী, মোঃ. কামাল হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তু অধিকারী, ইউপি সদস্য সরদার আবু হাসান, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি বিলকিস আক্তার এবং আইআরভির নারী দলের সদস্য মমতাজ বেগম, কবিতা রানী, পল্লবী মণ্ডল ও দিপালিকা সরদার প্রমুখ। ডায়ালগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও প্রকল্পের উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন।