পাঁচবিবিতে মো. সাকোয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজ সংলগ্ন চায়ের টং ঘরের পিছন থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকোয়াত আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাকোয়াত তার ভাইয়ের ব্যাটারিচালিত অটো ভ্যান চালাতেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে অটো ভ্যান নিয়ে বের হন। রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে পথচারীরা উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে চা দোকান টংয়ের কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।