জাপা চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩৫ পিএম | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩১ পিএম
জাপা চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর ঢাকাস্থ বাসায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জাহাজ কোম্পানি মোড়, সিটি কর্পোরেশন, টাউন হল হয়ে ইউটার্ণ নিয়ে  পূণরায় পার্টি অফিসে এসে শেষ করে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কয়েকদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ক্ষতি সাধণ করেন। এটি গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং মব ভায়োলেন্স। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। জনগণ এর দাত ভাঙা জবাব দিবে।

আপনার জেলার সংবাদ পড়তে