ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকে সচেতনতা ও প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পরে জামিল আহমেদ, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শেরপুর সদর-এর নেতৃত্বে এবং লিডার রফিকুল ইসলামের পরিচালনায় ফায়ার সার্ভিসের একদল দক্ষ ফায়ার ফাইটার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া বাস্তবায়ন করেন। মহড়ায় দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা এবং অগ্নিকাণ্ড মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকেও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।