এমপি সেলিম রেজা হাবিব

ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারীকে কঠিন মূল্য দিতে হবে

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:২৬ পিএম
ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারীকে কঠিন মূল্য দিতে হবে

পাবনা-২আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ এ.কে.এম সেলিম রেজা বলেছেন যেকোন মানুষের তার নিজস্ব ধর্ম নির্বিঘ্নে পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ধর্মীয় যেকোন আচার-অনুষ্ঠান পালনের জন্য কারো কাছ থেকে পূর্ব অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এমনকি ধর্মীয় কোন উৎসব পালনের জন্য বাড়তি নিরাপত্তারও কোন আবশ্যকতা নেই। যেকোন ধর্মের মানুষকে তার ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের স্বাধীনতা রাষ্ট্র তাকে দিয়েছে। সুতরাং কোন অবস্থাতাতেই কোন ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবেনা। কিন্তু তার পরও যদি কোন সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় সম্প্রীতি নষ্টের লক্ষে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাহলে এর জন্য তাকে কঠিন মূল্য দিতে হবে।  গতকাল মঙ্গলবার পাবনার সুজানগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা ও স্বপন কুমার কুন্ডু। পরে উপজেলার ৫৮টি পূজা মন্ডপের মাঝে ৬‘শ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়। এছাড়া সংসদ সদস্য সেলিম রেজা হাবিব এদিন উপজেলার বেশ কয়েকটি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন  ও অনুদানের চেক বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে