একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি এলাকার স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম আশ্রয়স্থল। দীর্ঘ দুই যুগ ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসা লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলার মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের একাডেমির সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে ১২ থেকে ১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ দুই যুগ ধরে মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের একাডেমি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাতা এম এম এ কাদেরের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও সাফল্য এগিয়ে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানের এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পুরো এলাকার মানুষের আবেগ, ভালোবাসা ও প্রত্যাশা জড়িয়ে থাকে। এমন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো হলে শুধু প্রতিষ্ঠানের সুনামই ক্ষুণ্ন হয় না, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই কোনো অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা অনুচিত। তাঁরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচারে জড়িত ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও সুনাম অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাটোয়ারী, রায়পুর উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ আলী, ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহীন নেওয়াজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন অলী, সিনিয়র শিক্ষক মো. আরিফ হোসেন ও সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন লিয়াকত পাটোয়ারী, সাখাওয়াত মেম্বার, মেহেদী হাসান ডালিম, মো. হাবিবুর রহমান রাজু, আলী আকবর, আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।