নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাফী হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নীলফামারী জেনারেল হাসপাতালে নানা সমস্যা বিরাজ করছে। হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার মান, রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসক-নার্সদের আচরণ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। এসব সমস্যা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষও রয়েছে।
সম্প্রতি রোগীর চিকিৎসা পরীক্ষার প্রতিবেদনকে কেন্দ্র করে এক চিকিৎসকের সঙ্গে মারামারির ঘটনা, আটকের পর মামলা এবং প্রতিবাদে মানববন্ধনের মতো ঘটনাও ঘটেছে। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় হাসপাতাল পরিদর্শন করে সংসদ সদস্যের সমস্যা সমাধানের আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে হাসপাতালের পরিবেশ উন্নয়ন, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং রোগী ও স্বজনদের সঙ্গে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।
হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।