চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনাসভা,শপথ পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম রেজা। আলোচনাসভায় প্রধান বক্তা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি দাস ও সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ।
প্রধান বক্তা চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে। মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে প্রতি শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হচ্ছে। তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনাসভা শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান চৌধুরী ইমরুল হাসান। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।