নেত্রকোণার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিরসনে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬, সকাল ১১:০০ ঘটিকায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার জনাব মো: তরিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মাহমুদ হাসান। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মো: তরিকুল ইসলাম বলেন, "জীবনে সফল হতে হলে সবার আগে প্রয়োজন সকল ধর্মের মানুষের প্রতি সম্মান ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, বাবা মাকে সম্মান, শিক্ষকগণকে সম্মান ও উনাদের কথা মেনে চলা, উনাদের গাইডলাইন মেনে চলা।" আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ দূর করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।