আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে আঃ রাজ্জাক সরদারের ছেলে আজিজুল ইসলামকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগীর পরিবার সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে সততার সাথে শোভনালী ইউনিয়নের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমি মাপ জরিপের কাজ করে আসছিলেন।আজিজুলের পিতা আব্দুর রাজ্জাক সরদার জানান, আমার পুত্র সুনামের সঙ্গে এলাকায় জমি মাপজোকের কাজ করে আসছিলো। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। সে কখনো রাজনীতির সাথে জড়িত ছিলো না। আজিজুলের স্ত্রী রোজিনা খাতুন জানান, আশাশুনি থানা পুলিশ গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সদস্য দেখিয়ে আমার স্বামী আজিজুল ইসলামকে গ্রেফতার করেন। তাকে আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা নং-২৪, তারিখ ২৩/০৬/২০২৬ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু আমার স্বামী কোনো সময় রাজনীতির সাথে জড়িত না থাকা স্বত্বেও তাকে গ্রেফতার করা হয়েছে। শোভনালী ইউনিয়নে আজিজুল ইসলাম নামের রাজনৈতিক ব্যক্তির ও আমার স্বামীর নাম একই । তার নাম হুবহু হওয়ার সুবাদে আমার স্বামীকে গ্রেফতার করানো হয়। কিছুদিন আগে পাগলের জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছিলো তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও ভিত্তিহীন। সেই জমি রেজিস্ট্রিও হয়নি। পাগলের ভাই লিটু নিজে গিয়ে জমি বিক্রয়ের সাইনবোর্ড স্থাপন করেছে। সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে অরাজনৈতিক ব্যক্তি আজিজুল ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন তার পরিবার।