স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায়

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৫:৩৩ পিএম
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
ছবি: সংগ্রহীত

স্ত্রী মোছাম্মৎ মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ অক্টোবর ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী এ আদেশ দেন।

আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মাহবুবুর রহমান। সমঝোতার শর্তে তিনি জামিনের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের এনএএম ভবন আবাসিক এলাকার ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা করেন।

মামলার পর ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তাঁর প্রথম স্ত্রীকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর গাজী নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে পাঠানো হয়। ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়। পরে চার দিনের রিমান্ড শেষে ২৪ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

৩০ সেপ্টেম্বর ঢাকার একটি আদালত এ মামলায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীকে জামিন দেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাঁকে এ মামলায় জামিন দেওয়া হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে