রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে দস্যুতা ১টি, চুরি ১টি, নারী ও শিশু নির্যাতন ১টি এবং অন্যান্য খাতের ৪৫টি মামলা রয়েছে। তবে এ সময়ে হত্যা, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার অপরাধ কিংবা দ্রুত বিচার আইনে কোনো মামলা দায়ের হয়নি।
এছাড়া একই সময়ে বিভিন্ন স্থান থেকে ৫টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে পুলিশ বিভিন্ন মেয়াদের মোট ১৫৭ জন আসামিকে গ্রেফতার করে, যার মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৬২ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার আসামি ৭২ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জন অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ আসামিদের হেফাজত থেকে ২টি বার্মিজ চাকু, ২ গ্রাম হিরোইন, ১৬ পিস ইয়াবা, ১২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ২শ’ গ্রাম গাঁজা এবং ৯শ’ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। তবে এ সময়ের মধ্যে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনা ঘটেনি।
রাজশাহী রেঞ্জ পুলিশ জানিয়েছে, প্রকৃত সংবাদ প্রাপ্তি সকলের অধিকার এবং অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। পলিশিং সেবা প্রদান ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৯২৩ জন এবং চলতি মাসে এ পর্যন্ত সর্বমোট ৪ হাজার ৭০৮ জন নাগরিককে প্রত্যক্ষ সেবা প্রদান করা হয়েছে।